Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় পিকআপ ভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত

কুলাউড়া প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে পিকআপ ভ্যান চাপায় নিজাম মিয়া (৫৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের স্টেশন চৌমুহনীতে এ দুর্ঘটনাটি ঘটে। নিজাম মিয়া কুলাউড়ার চাঁতলগাঁও এলাকার মৃত আমীর আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া-বড়লেখা রুটের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চালক নিজাম মিয়া গাড়ির সিরিয়াল নিয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে স্টেশন চৌমুহনীতে সিএনজি অটোরিকশাটি ঘুরাচ্ছিলেন। এমন সময় জুড়ী থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি টাটা পিক আপভ্যান (মৌলভীবাজার-ন-১১-০২১৭) সিএনজি অটোরিকশাটিকে (মৌলভীবাজার-থ-১২-১৩২৩) চাপা দিয়ে চলে যায়।

এ সময় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে থাকা চালকরা গুরুতর আহত অবস্থায় নিজামকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। গেলে তাঁর (নিজামের) অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা নিজামকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কুলাউড়া-বড়লেখা রুটের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চালক সেলিম মিয়া ও লৎফুর মিয়া জানান, ‘সকালে স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে নিজাম মিয়া সিএনজি অটোরিকশাটি ঘুরাতে যাচ্ছিলেন। এমন সময় বেপরোয়া গতির পিকআপ ভ্যানটি চৌমুহনীতে নিজামের অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে। শহরের দক্ষিণবাজারের সিএনজি অটোরিকশার চালকরা সড়কে ব্যারিকেড দিয়ে পিক আপভ্যান ও এর চালককে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেন।’

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় দুপুর পৌনে দুইটার দিকে মোবাইলে সিলেটটুডেকে বলেন, ‘ঘাতক পিক আপভ্যান ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সিলেট নিয়ে যাওয়ার পর অটোরিকশা চালক নিজামের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.