Sylhet Today 24 PRINT

খোলা ড্রেনে পড়ে বাছিত মোহাম্মদের মৃত্যুর ঘটনা তদন্তে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক |  ০১ এপ্রিল, ২০২১

সিলেটে সিটি কর্পোরেশনের খোলা ড্রেনে পড়ে শিক্ষক ও কবি আব্দুল বাছিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনায় সিলেটের জেলা প্রশাসন এ ঘটনার তদন্তে নেমেছে। বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান এই তদন্তকাজ শুরু করেছেন।

বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা আম্বরখানার হুরায়রা ম্যানশনের কাছে যে জায়গায় খোলা ড্রেনে পড়েছিলেন বাছিত মোহাম্মদ সেই এলাকা পরিদর্শণ করেন এবং নিহতের ভাইসহ আশপাশের ব্যবসায়িদের সাথে কথা বলেন। এসময় ঘটনাস্থলে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত হন।

গত বছরের ৮ ডিসেম্বর সিলেট নগরীর আম্বরখানা এলাকায় সিটি করপোরেশনের নির্মাণাধীন একটি ড্রেনে পড়ে গিয়ে পেটে রড ঢুকে গুরুতর আহত হন কবি আবদুল বাছিত মোহাম্মদ। দুদিন পর ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৫ বছর বয়সী এ কবি।

তার মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে দোষিদের শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান সচেতন সমাজ। উন্নয়নের নামে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ সড়ক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রাখার প্রবণতা বন্ধেরও আহ্বান জানান তারা।

এমন দাবির পরও সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না থাকায় জনস্বার্থে হাইকোর্টে রিট করেন আইনজীবী গোলাম সোবহান দীপন। রিটে বাছিত মোহাম্মদের মৃত্যুর সুষ্ঠ তদন্ত ও সিটি করেপারেশনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ক্ষতিপুরণ প্রদানের নির্দেশনা চেয়ে আবেদন করেন তিনি।

এর প্রেক্ষিতে ঘটনা তদন্ত করে গত ১১ জানুয়ারি দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সিলেটের জেলা প্রশাসককে আদেশ দেন হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.