Sylhet Today 24 PRINT

মাস্ক না পরায় বড়লেখায় ২৬ জনকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি  |  ০৩ এপ্রিল, ২০২১

মাস্ক না পরার অপরাধে মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকায় ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬টি মামলা করা হয়।

এসব মামলায় ১০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। অভিযানে সহায়তা করেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেছেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.