Sylhet Today 24 PRINT

বাহুবলে বিপুল জনসমাগমে ‘হেলিকপ্টার হুজুরের’ ওয়াজ-নছিহত

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রশাসনের বিধি-নিষেধ লঙ্ঘন করে বিপুল জনসমাগমে আলোচিত ইসলামী বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী (হেলিকপ্টার হুজুর) ওয়াজ-নছিহত করেছেন।

শনিবার (৩ এপ্রিল) বিকালে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চন্দ্রছড়ি শানেমোস্তফা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী ছুন্নী মহা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বিকাল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত তিনি বক্তৃতা করেন। এরই আগে তিনি যথারীতি হেলিকপ্টারযোগে সভাস্থলে হাজির হন।

হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান গত ১ এপ্রিল এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে করোনার উর্ধ্বমুখী সংক্রমনরোধে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধকরণসহ জীবন-যাত্রায় কিছু বিধি-নিষেধ আরোপ করেন। এসব বিধি-নিষেধ আরোপের পর থেকেই জেলার বাহুবল উপজেলার চন্দ্রছড়ি শানেমোস্তফা হাফিজিয়া মাদ্রাসার উক্ত বার্ষিক ইসলামী ছুন্নী মহা সম্মেলন অনুষ্ঠান ঝুঁকির মুখে পড়ে। ছুন্নী মহা সম্মেলনের প্রধান অতিথি এনায়েতুল্লাহ আব্বাসী আসবেন কি না- তা নিয়ে সংশয় দেখা দেয়। তারপরও সম্মেলন স্থলে বিপুল জনসমাগম ঘটে। সমাবেশে উপস্থিত লোকজনের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই ছিল না।

উপজেলার লামাতাশী পাঁচগ্রাম নেতা ফয়সল আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, জাগ্রত কবি মুহিব খান, আলোচিত ইসলামী সংগীত শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুল, সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ আলী, মাওলানা আনোয়ার হোসেন সালেহী প্রমুখ।

এ ব্যাপারে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হবিগঞ্জ জেলায় ১লা এপ্রিল গণবিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রকার সভা, সমাবেশ ও ওয়াজ মাহফিল নিষিদ্ধ করা হয়েছে। এ নির্দেশ কেউ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন, আমরা উক্ত সমাবেশ না করার জন্য সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি। তারপরও নির্দেশনা লঙ্ঘিত হয়ে থাকলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, কিছু সময় সম্মেলন চলার পর আমি নিজেই তা বন্ধ করে দিয়েছি।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধ তালুকদার বলেন, আমি ও ওসি বাহুবল উপস্থিত থেকে অতি সংক্ষিপ্ত সম্মেলন অনুষ্ঠানের পরপর তা বন্ধ করে দেই।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.