Sylhet Today 24 PRINT

মামুনুল হককে ‘হেনস্তার’ প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২১

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ষড়যন্ত্রমূলকভাবে হেনস্তা করা হয়েছে অভিযোগ এনে তার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস।

শনিবার সন্ধ্যায় নগরের কোর্ট পয়েন্টে এ বিক্ষোভ করেন তারা। এরআগে দুপুরে নারায়নগঞ্জের রিসোর্টে এক নারীসহ মামুনুলকে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় হেফাজতকর্মীরা ওই রিসোর্টে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে আনেন। মামুনুলের দাবি, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।

এ ঘটনাকে হেনস্তা দাবি করে শনিবার সন্ধ্যায় সিলেটে বিক্ষোভ করে মামুনুলের দল খেলাফতে মজলিস

খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহর সভাপতিত্বে ও জেলা শাখার সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় নায়েবে আমীর ও হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা রেজাউল করিম জালালী বলেন, ষড়যন্ত্র করে মাওলানা মামুনুল হকের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। তার সঙ্গে অশুভ আচরণকারীদের অভিলম্বে গ্রেপ্তার করতে হবে। মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তায় ঈষার্ন্বিত হয়ে সরকার দলীয় ক্যাডার বাহিনী তাঁকে আজ সোনারগাঁওয়ে হেনস্তা করেছে। এ ধরনের আচরণ দেশ ও জাতির জন্য ক্ষতিকর।

সমাবেশে বক্তারা বলেন, হামলা-মামলা করে ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করা যাবে না। এ ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধ না হলে বিক্ষুব্ধ জনতা গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সরকারকে মনে রাখা দরকার আলেম উলামাদের অপমান করে ক্ষমতায় থাকা যাবে না।

তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য রাখনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসিচব মাওলানা আব্দুল আজিজ, সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইকবাল হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, মুফতি রশিদ আহমদ, মাওলানা ছানা উল্লাহ, হেফাজত নেতা মুফতি ফয়জুল হক জালালাবাদী, মহানগরের সহ সাধারণ সম্পাদক আব্দুল গফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, সিলেট জেলা বায়তুল মাল সম্পাদক মুফতি সৈয়দ নাছির উদ্দিন আহমদ, মাওলানা আব্দুল মান্নান আজাদ, মহানগর নেতা মাওলানা আবুল হোসেন, হেফাজত নেতা মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরি, মাওলানা মতিউর রহমান, মাওলানা মনির উদ্দিন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মাহবুবুল আলম, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, এস.এম উসামা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.