নিজস্ব প্রতিবেদক | ০৪ এপ্রিল, ২০২১
সিলেটের বটেশ্বরে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে অব্যাহতি দেয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার (৩ এপ্রিল) কলেজের সামনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা বিক্ষোভ বন্ধ করেন।
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিযোগ, পোশাকবিধি না মেনে টুপি ও পাঞ্জাবি পরে নিয়মিত ক্লাসে আসায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক আব্দুল হালিম ও আইসিটি বিভাগের প্রভাষক মুজাহিদুল ইসলামকে ‘অব্যাহতি’ প্রদান করে। বিষয়টি জানার পর শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচির ডাক দেন।
তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, আব্দুল হালিম ও মুজাহিদুল ইসলাম নামে ওই দুই প্রভাষককে অব্যাহতি দেওয়া হয়নি। প্রতিষ্ঠানের পোষাকবিধি মানতে না পারলে তারা স্বেচ্ছায় অব্যাহতি নিতে পারবেন বলে জানানো হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) দুপুর থেকে কলেজের সামনে প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করেন।
বিক্ষোভে উপস্থিত হয়ে কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আরিফুল ইসলাম রেজা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ভাইরাল হয়েছে তা সত্যি নয়। প্রভাষক আব্দুল হালিম ও মুজাহিদুল ইসলামের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কলেজ কর্তৃপক্ষ। তাদের চাকরিচ্যুত করা হয়নি। গভর্নিং বডির ৫২তম সভায় তাদেরকে ডেকে প্রতিষ্ঠানের পোষাকবিধি মানার জন্য কঠোরভাবে বলা হয়েছে। গত ৩১ মার্চের আগে তাদেরকে প্রতিষ্ঠানের পোষাকবিধি মানার জন্য তিনবার শোকজ পাঠানো হয়। কিন্তু বার বারই তারা দুজন প্রতিষ্ঠানের পোষাকবিধি মানতে অনীহা প্রকাশ করেছেন।