সিলেটটুডে ডেস্ক | ১৮ এপ্রিল, ২০২১
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ তকবির হোসেনকে (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করে।
রোববার (১৮ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড থেকে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
এদিন দুপুরে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত তকবির হোসেন সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানাধীন সোনাপুর রনতশ্রী গ্রামের আবু সালামের ছেলে।
তকবিরকে ভোরে আটকের পর রোববার দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।