জগন্নাথপুর সংবাদদাতা | ১৯ এপ্রিল, ২০২১
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার ভবানীপুর গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক মারা যাওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার ৩ দিনপর নিহতদের বোন তমা আক্তার মুন্নী বাদী হয়ে জগন্নাথপুর থানায় সোমবার (১৯ এপ্রিল) ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৮/১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভবানীপুরের মৃত বাদশা মিয়ার ছেলে মাসুম আহমদের সঙ্গে প্রতিবেশী সুরুজ মিয়ার যাতায়াত সড়ক নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ঝড়ে বিরোধপূর্ণ সড়কে একটি বাঁশ হেলে পড়লে সুরুজ মিয়ার ছেলে রুবেল মিয়া বাঁশ কাটতে যায়। এতে বাধা দেন মাসুম আহমদ। এসময় দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সুরুজ মিয়ার ছেলে লিয়ন আহমদ, রুবেল মিয়াসহ কয়েকজন এসে মাসুম আহমদের ওপর হামলা করেন। রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মাসুম। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনা জড়িত সন্দেহে রুবেল মিয়া (২৪) কে একই এলাকার গয়াস মিয়াকে (৫০) আটক করে। সোমবারও ভবানীপুর এলাকার আবদুল মান্নানকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রাজিব রহমান বলেন, নিহত যুবকের বোন বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। এঘটনায় এ পর্যন্ত এজাহার নামীয় ৩ জন জেল হাজতে রয়েছেন। অপরাপর আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।