Sylhet Today 24 PRINT

ভারতে আটক মৌলভীবাজারের ৪ যুবক, জানে না বিজিবি

কমলগঞ্জ প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২১

সীমান্ত অতিক্রম করে ভারতের ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরে প্রবেশ করে ৪ বাংলাদেশী যুবক। কৈলাশহর থেকে ধর্মনগর যাবার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে। পরে কৈলাশহর থানা পুলিশের কাছে সোপর্দ করে। 

মৌলভীবাজারের জুড়ির লাঠিটিলা সীমান্ত দিয়ে প্রবেশের পর গত শনিবার (১৭ এপ্রিল) সকালে বিএসএফ তাদের আটক করে। তবে এ বিষয়ে কিছুই জানে না বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হচ্ছে সাহান আলী (২৮), রাজন মিয়া (২৫), নান্টু মিয়া (২৮) ও আহমেদ আলী (৩৩)। চারজনের বাড়ি মৌলভীবাজার জেলায়।

ত্রিপুরা টিভি ও কৈলাশহর সংবাদ মাধ্যম স‚ত্রে জানা গেছে, চার বাংলাদেশী জুড়ি উপজেলার লাঠিটিলা বাংলাদেশ-ভারত সীমান্ত রেখা অতিক্রম করে ত্রিপুরার কৈলাশহরে প্রবেশ করে। সেখান থেকে তারা ধর্মনগর যাবার পথে পাইতুর বাজার এলাকায় টহলরত বিএসএফ সদস্যদের সন্দেহ হলে তাদেরকে আটক করে। পরে কৈলাশহর থানায় সোপর্দ করা হয়। কৈলাশহর থানায় জিজ্ঞাসাবাদকালে তারা জানায়, কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছে।

এদিকে করোনা সংক্রমণকালে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করায় কৈলাশহর হাসপাতালে তাদের করোনার নমুনা সংগ্রহ করা হয়। এতে একজনের করোনা সনাক্ত হয়েছে।

কৈলাশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পার্থ মুন্ডা স্থানীয় (ভারতের) গণমাধ্যমকর্মীদের কাছে অবৈধভাবে ভারতে প্রবেশ করা আটক ৪ বাংলাদেশীর তথ্য নিশ্চিত করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ভারতীয় ৮ হাজার ৫০০ রুপি পাওয়া গেছে বলে জানান।

এ ঘটনার পর থেকে কৈলাশহরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ত্রিপুরার স্থানীয় সাংবাদিক দেবাশী দত্ত মুঠোফোনে ফোনে অবৈধভাবে প্রবেশ করা ৪ বাংলাদেশীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘করোনাকালীন সময়ে তাদের অবৈধ প্রবেশের বিষয়টি নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।’

ত্রিপুরার কৈলাশহরে ৪ বাংলাদেশী আটক সম্পর্কে জানতে চাইলে শ্রীমঙ্গলস্থ বিজিবি ৪৬ নম্বর ব্যাটেলিয়ন কমান্ডার ল্যা. কর্নেল মাহবুবুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি বিএসএফের পক্ষ থেকে এখনও বিজিবিকে এ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। বিষয়টি খোঁজ নেওয়া হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.