Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২১

সিলেটের বিশ্বনাথে জালিয়াতির মাধ্যমে কবরস্থানের ৪৬শতক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার জানাইয়া উত্তর মশুলা পঞ্চায়েত পক্ষের ১২৬জন গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে নাজিম উদ্দিনের বিরুদ্ধে ওই ৪৬শতক জমি দখলের অভিযোগ এনেছেন। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাসের নিকট তারা লিখিত অভিযোগ দিয়েছেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, বিশ্বনাথ উপজেলাধীন মৌজা মসুলা জেএল নং-৮৪, এসএ খতিয়ান নং-৪৬৪, এসএ দাগ নং- ২২৪৭, পরিমান ৪৬ শতক জায়গার (এসএ রেকর্ড মতে) মালিক রমেশ চন্দ্র চৌধুরী ও সুরেশ চন্দ্র চৌধুরী। তাদের অনুমতিক্রমে মুসলিম গ্রামের লোকজন কবরস্থান হিসেবে প্রায় শতবছর ধরে ব্যবহার করে আসছেন। কিন্তু একই গ্রামের মৃত মদরিছ আলী ও মৃত ইন্তাজ আলীর উত্তরাধিকারীরা জাল জালিয়াতির মাধ্যমে আরএস/বিএসএ তাদের নাম রেকর্ডভুক্ত করে করবস্থানের ওই জায়গা নিজ মালিকানা দাবি করছে।

এনিয়ে দু’পক্ষে বেশ ক’বার বাকবিতন্ডা হয়েছে এবং বর্তমানেও উত্তেজনা চলছে। বিগত শরেবরাতকে সামনে রেখে পঞ্চায়েতের পক্ষ থেকে কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন করাকে কেন্দ্র করে নাজিম উদ্দিন ও পঞ্চায়েত পক্ষে মালিকানা নিয়ে ঝগড়াও হয়েছে।

এসময় মুরব্বিয়ানগন সামাজিকভাবে বিরোধিয় বিষয়টি মিমাংসা করার জন্য সালিশ বৈঠকের ব্যবস্থা করেন। সালিশ বৈঠকে মদরিছ পক্ষ আরএস/বিএস পর্চা ব্যতিত মালিকানার স্বপক্ষে আর কোন ডকুমেন্ট ও দলিল উপস্থাপনে ব্যর্থ হন। গ্রামের ওই কবরস্থানটি রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পঞ্চায়েত পক্ষ প্রশাসনের সংশ্লিষ্ট কতৃপক্ষকের প্রতি আহবান জানিয়েছেন।

এ ব্যাপারে নাজিম উদ্দিন বলেন, এই জায়গা তার পূর্বপুরুষদের। ১৯৯০ সালের রেকর্ড অনুযায়ী তার বাবা ও চাচা ওই ৪৬ শতক জায়গার মালিক।

স্মারকলিপির পাওয়ার সত্যতা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, আদালতে মামলা ছাড়া এই বিরোধের স্থায়ী কোন নিস্পত্তি নেই। কিন্তু তারপরও অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.