Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সালমা বেগম (১৪) নামের এক স্কুুলছাত্রীর মৃত্যুু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর (টিলাগাঁও) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের দিনমজুর মিনার মিয়ার মেয়ে।

সালমা ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে সেহরী খেয়ে মা-বাবা ঘুমিয়ে পড়েন। সালমা সকালে উঠে রান্নাঘরে ছোট ভাইদের জন্য নাস্তা তৈরি করতে যায়। এসময় একটি ভাঙ্গা সুইচ বোর্ডে হাত দিয়ে সে বিদ্যুতায়িত হয়। তার চিৎকারে মা নাজমা বেগম ঘুম থেকে উঠে দেখেন মেয়েটি বিদ্যুতায়িত হয়েছে। দ্রুত তার বাবা মিনার মিয়া ঘরে থাকা মেইন সুইচ বন্ধ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.