Sylhet Today 24 PRINT

সিসিক কাউন্সিলরের বাসায় হামলা: ১৬ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ২৪ এপ্রিল, ২০২১

সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসভবনে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতেই কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় ১৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

শনিবার (২৪ এপ্রিল) সকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহার নামীয় ১৬ আসামির পাশাপাশি মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ২০/২৫ জন দুর্বৃত্ত নগরীর মুন্সিপাড়ায় লায়েকের বাসায় হামলা করে। এসময় কাউন্সিলের বাসাসহ আশেপাশের আরও কয়েকটি বাসাও ভাংচুর করে তারা।

পরে রাত ১২টার দিকে ঘটনাস্থলে যান সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অন্য ওয়ার্ডের কাউন্সিলররাও। এসময় তারা সেখানে বৈঠকেও বসেন এবং  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারের প্রতি আহ্বানও জানান তারা।

পরে রাতে সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ওসি এসএম আবু ফরহাদ জানান, সিসিক কাউন্সিলর লায়েকের বাসায় হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১৬জনকে আসামী করা হয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।  ঘটনার পর কাউন্সিলর লায়েকের বাসায় হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ইতোমধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.