Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ভ্যাকসিন সংকট: মানুষের ভোগান্তি

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। এতে দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা লোকজন টিকা না দিয়ে ফিরে যাচ্ছেন।
    
সর্বশেষ হাসপাতালে রক্ষিত ২৪টি ভায়াল টিকা দ্রুত শেষ হওয়ায় সংকট দেখা দিয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান।

জানা যায়, কমলগঞ্জ উপজেলায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৭ হাজার ৭২৪ জন। এতে ৭৭২টি ভায়াল ব্যবহার করা হয়। প্রথম টিকা গ্রহণকারীরারা দ্বিতীয় ডোজ টিকা নিতে প্রতিদিন ভিড় করছেন হাসপাতালে। ৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৫৫৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এখনো টিকা নেওয়ার বাকি ৩ হাজার ২০০জন।

কিন্তু শনিবার দুপুর ১২টায় টিকা সংকটের কারণে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেওয়া বন্ধ রাখা হয়। দুপুরের পর অনেকেই ভিড় করেন হাসপাতালে। টিকা না দিয়ে তাদেরকে ফিরিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে লকডাউনের মধ্যে দূর-দুরান্ত থেকে আসা লোকজনকে টিকা না নিয়ে চলে যেতে হয়। রোববার পাওয়া যাবে কি-না তাও নিশ্চিত করে বলতে পাচ্ছেন না কেউ।

ভুক্তভোগী অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত কষ্ট করে দূর-দূরান্ত থেকে লকডাউনের মধ্যে আসলাম। কিন্তু টিকা পেলাম না। হাসপাতাল র্কতৃপক্ষকে আগেই ভ্যাকসিন সংগ্রহে রাখা উচিত ছিল।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁঞা জানান, দ্বিতীয় ডোজ  টিকা নিতে প্রচুর মানুষ ভিড় করছেন। হাসপাতালে সংরক্ষিত টিকা শেষ হয়ে গেছে। সির্ভিল সার্জন বরাবর আবেদন করা হয়েছে। আশা করছি দ্রুত করোনা ভ্যাকসিন চল আসবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.