Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভুয়া আইডি খুলে ভাইস চেয়ারম্যানের নামে অপপ্রচার, থানায় জিডি

বড়লেখা প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় ‘‘বড়লেখার খবর’’ ও ‘‘বিয়ানীবাজার বড়লেখা বার্তা’’ নাম দিয়ে ভুয়া আইডি তৈরি করে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন শনিবার দুপুরে থানায় জিডি করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, শনিবার ভোররাতে সেহরী খেতে উঠে নিজের ফেসবুক খুলে দেখেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী ও একজন সাংবাদিকের ছবি ব্যবহার করে ‘‘বড়লেখার খবর’’ ও ‘‘বিয়ানীবাজার বড়লেখা বার্তা’’ নামের ভুয়া আইডিতে সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় ছবি সংযুক্ত করে তার নামে বিভিন্ন প্রকার কুরুচিপূর্ণ মিথ্যা অপবাদ ফেসবুকে প্রচার করা হয়েছে। যা তার রাজনৈতিক প্রতিপক্ষ লাইক ও শেয়ার করতেছে এবং নানা করকম কটুক্তি মূলক মন্তব্য করতেছে। এতে তার সম্মানহানি হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি এই জিডি করেন।

বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ‘ভুয়া এই আইডিগুলো থেকে সম্মানিত অনেকের নামে প্রতিনিয়িত অপপ্রচার করা হয়। আমার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় কেউ মিথ্যা তথ্য দিয়ে এগুলো করেছে। আমি জিডি করেছি। সন্দেহভাজনের তথ্যও পুলিশকে দিয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছেন।’

তিনি জানান, যারা এই মিথ্যা পোস্ট শেয়ার ও কমেন্ট করেছেন তাদের বিরুদ্ধেও আইনের আশ্রয় নিচ্ছি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘এ ঘটনায় থানায় ভাইস চেয়ারম্যান জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.