Sylhet Today 24 PRINT

মোবাইলে বার্তা না আসলে সিলেটে টিকা দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক |  ২৭ এপ্রিল, ২০২১

বুধবার (২৮ এপ্রিল) থেকে টিকাগ্রহণকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে কোভিড-১৯ টিকার ২য় ডোজ গ্রহণের বার্তা ছাড়া কাউকে টিকা দেয়া হবে না। ১ম ডোজ নেয়ার ৮ সপ্তাহ পূর্ণ হয়েছে কিন্তু মোবাইলে বার্তা আসেনি তাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে বলা হয়েছে এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে।

এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। কেবল মাত্র যাদের মোবাইল ফোনে টিকা গ্রহণের জন্য বার্তা আসবে তারাই রেজিস্ট্রেশন কার্ড সহ নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যারা নির্ধারিত সময়ের মধ্যে মোবাইলে কোভিড০১৯ টিকার ২য় ডোজ নেয়ার বার্তা পাবেন না, কিংবা রেজিস্ট্রেশন জনিত কোন সমস্যা রয়েছে তাদেরকে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্সে টিকার প্রথম ডোজ গ্রহণকারীরা এই নির্দেশনাটি মেনে টিকার ২য় ডোজ গ্রহণের জন্য কেন্দ্রে আসবেন। অবশ্যই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে আসতে অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.