Sylhet Today 24 PRINT

ঢাবির ছাত্রলীগ নেতাকে নিয়ে কটূক্তি, ধরমপাশায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০২১

ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আফজাল খানের (২৪) মানহানি ও তার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সুনামগঞ্জের ধরমপাশা থানায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গেরাউন এলাকা থেকে ওই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসামি হলেন মনির হোসেন (২৩)। তিনি ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধরমপাশা থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আফজাল খানের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার মনির হোসেনকে (২৩) কাল বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। মামলার অপর ৯ আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আফজাল খান গত ২৯ মার্চ দুপুরে হেফাজতে ইসলামের সহিংসতার ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা এই পোস্টের স্ক্রিনশট দিয়ে রেখে দেন। ছাত্রলীগ নেতার এই পোস্ট নিয়ে ৭ এপ্রিল হেফাজতে ইসলামের সমর্থক উপজেলার জয়শ্রী ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা শেখ রেজাউল করিম (২২), একই ইউনিয়নের হরিপুর গ্রামের তুষার আবদুল্লাহ (২১), মনিরুজ্জামান মনির (২৩), বাদে হরিপুর গ্রামের উমর ফারুক (২৫), একই গ্রামের হাফেজ সাঈদ (২০), রবিউল হাসান (২৩), আবদুস শহীদ খান (২২), হাফেজ নোমান আহমেদ (২৫), মনির (২৩) ও একই ইউনিয়নের মহেষপুর গ্রামের বাসিন্দা আকবর রাজীব (৩৫) তাদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই ছাত্রলীগ নেতার উদ্দেশে আপত্তিকর ও মানহানিকর অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য লিখে পোস্ট করেন। এ ঘটনায় ১০ এপ্রিল রাতে ওই ছাত্রলীগ নেতা বাদী হয়ে এই ১০ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে ধরমপাশা থানায় মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.