Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: সিলেটে যুক্তরাজ্য বিএনপির সভাপতির বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০২১

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) ভোরে সিলেটের দক্ষিণ সুরমার তেতলি গ্রামে মালেকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

এরআগে মঙ্গলবার একটি ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মালেক। আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদেরও গালাগাল করেন তিনি। ওই ফেসবুক লাইভে অংশ নেওয়া আওয়ামী লীগের এক নারী নেত্রীকে নিয়েও অবমাননাকর ও অশ্লীল মন্তব্য করেন মালেক।

এর জের ধরে বুধবার ভোরে মালেকের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মালেকের পরিবারের সব সদস্য যুক্তরাজ্যে অবস্থান করেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ভোরে শতাধিক লোক ওই বাড়িতে হামলা করে। হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ যাওয়ার পরপরই ক্ষুব্ধ লোকজন চলে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.