Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে কিশোরীর সম্ভ্রমহানির চেষ্টা, যুবকের ১০ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরীকে উত্ত্যক্ত ও সম্ভ্রমহানির চেষ্টার অপরাধে সুলতান মিয়া (২৬) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দণ্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত সুলতান মিয়া উপজেলার মধ্যসমেত গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন জানান, বৃহস্পতিবার মধ্যসমেতপুর গ্রামের জনৈক ব্যক্তির কিশোরী মেয়েকে ঘরে একা পেয়ে উত্ত্যক্ত ও সম্ভ্রমহানির চেষ্টা চালায় সুলতান। এ সময় ওই কিশোরী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় সুলতান মিয়াকে আটক করে উত্তম-মধ্যম দেন উপস্থিত গ্রামবাসী।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ করলে সুলতান মিয়া ঘটনার দায় স্বীকার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুলতান মিয়াকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.