Sylhet Today 24 PRINT

করোনায় সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না মারা গেছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ফয়জুর রহমান চৌধুরী জাহেদ। শুক্রবার সকাল সাড়ে ১১টা দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পেশায় আইনজীবী জাহেদ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য।
 
করোনা আক্রান্ত হয়ে তিনি সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬৫ বছর।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, ফয়জুর রহমান জাহেদ ছিলেন একজন সজ্জন রাজনীতিবিদ, শহীদ জিয়ার আদর্শের খাটি সৈনিক। তার মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত জাতীয়তাবাদী সৈনিককে হারালাম।

পারিবারিক সূত্রে জানা যায়, জাহেদের পুরো পরিবার করোনায় আক্রান্ত ছিলেন। কিন্তু সকলে করোনা জয় করে সুস্থ হয়ে উঠলেও মারা যান জাহেদ।

আজ সন্ধ্যায় সাড়ে ৭টায় কুয়ারপারে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা।

জাহেদের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা শোক জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.