Sylhet Today 24 PRINT

চা পাতা নিয়ে তর্কাতর্কি, চাচাতো ভাইকে খুন

বড়লেখা

বড়লেখা প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২১

কর্জ (ধার) নেওয়া চা পাতা ফেরত চাইতে গিয়ে পরিমাণ নিয়ে ভাতিজির সাথে তর্কাতর্কি হয় চাচীর। এই তর্কে সামিল হন চাচাতো ভাই আব্দুল হাছিব ও জব্বার মিয়া। শুরু হয় ঝগড়া। এক পর্যায়ে জব্বার মিয়া কাঠের টুকরো দিয়ে আব্দুল হাছিবের (৫০) মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাছিব।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে।  

নিহত আব্দুল হাছিব ওই ইউনিয়নের চোয়ারকান্দি গ্রামের মৃত জাহির উদ্দিনের ছেলে।

খবর পেয়ে শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই জব্বার মিয়া  সপরিবারে পালিয়েছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর শাহবাজপুর ইউপির চোয়ারকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল হাছিবের স্ত্রীর কাছ থেকে চাচাতো ভাই জব্বার মিয়ার স্ত্রী স¤প্রতি চা-পাতা কর্জ (ধার) নেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে আব্দুল হাছিবের মেয়ে চাচির কাছে পাওনা চা-পাতা চাইতে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এতে সামিল হলে আব্দুল হাছিবের সঙ্গে চাচাতো ভাই জব্বার মিয়ার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জব্বার মিয়া কাঠের টুকরো দিয়ে হাছিবের মাথায় আঘাত করেন। এতে হাছিব গুরুতর আহত হন। আহত অবস্থায় স্বজনরা হাছিবকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।

এ বিষয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় এখনো কেউ মামলা করেনি। পুলিশ অভিযুক্ত জব্বার মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। সে ঘটনার পর থেকে পলাতক।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.