Sylhet Today 24 PRINT

সন্ধ্যায় দেশে ফিরছেন সাকিব-মোস্তাফিজ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০২১

করোনাভাইরাসের ছোবলে আইপিএল মাঝপথে স্থগিত হওয়ায় ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। এই আসরে বাংলাদেশ থেকে অংশ নেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকলেও বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় তারা দেশে ফিরছেন।

সাকিব-মোস্তাফিজের পারিবারিক সূত্রে এই খবর জানা গেলে যোগাযোগ করা হয় বিসিবির লজিস্টিক সাপোর্টের কর্মকর্তা ওয়াসিম খানের সঙ্গে। তিনি জানান, ‘আহমেদাবাদ থেকে দুজন ঢাকার ফ্লাইট ধরবেন। একটি চার্টার্ড ফ্লাইটে তারা সন্ধ্যা নাগাদ ঢাকায় নামবেন।’

দুজনই একই ফ্লাইটে আসছেন। তাদের খরচের কিছু অংশ বহন করছে দুজনের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

মঙ্গলবার আইপিএল স্থগিত হয়ে গেলে অনেক বিদেশি ক্রিকেটারদের মতো সাকিব-মোস্তাফিজেরও দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সামনে শ্রীলঙ্কা সিরিজ থাকায় তাদের বিশেষ ব্যবস্থায় ফেরানোর পাশাপাশি কোয়ারেন্টাইন শিথিলের অনুরোধ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় বোর্ড। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তাদের জন্য কোনও ছাড় নয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করতে হবে তাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.