Sylhet Today 24 PRINT

শাবি ছাত্র সাব্বিরকে চাপ দেওয়া ট্রাক চালক কারগারে

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০২১

শাবি শিক্ষার্থী সাব্বির আহমেদ

সিলেট নগরীর সুবিদবাজারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী সাব্বির আহমেদকে চাপা দেওয়া ট্রাক চালক আব্দুল কাদিরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।  

বুধবার রাত সাড়ে ৯টায় সুবিদ বাজারে ট্রাকচাপায় নিহত হন শাবি ছাত্র সাব্বির।

এরপর রাত ১০টার দিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় সুবিদবাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

এদিকে এ দুর্ঘটনায় নিহতের চাচা জিল্লুর রহমান বাদী হয়ে আজ সকালে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৪। তারিখ ০৬/০৫/২০২১।

প্রসঙ্গত, বুধবার (৫ মে) রাত সাড়ে ৯ টায় নগরীর  সুবিদবাজার এলাকায় ট্রাক চাপায় নিহত হন শাবির রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ। তার গ্রামের বাড়ি নড়াইলে হলেও তার পরিবার ঢাকার সাভারে বসবাস করেন।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাব্বির ও শাবি’র ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের দ্বিতীয় বর্ষের  শিক্ষার্থী বুরহান সাদিক মোটরসাইকেলে আম্বরখানা থেকে ফিরছিলেন। সাব্বির মটরসাইকেল চালাচ্ছিলেন এবং বুরহান তার পেছনে বসা ছিলেন। সুবিদবাজার পয়েন্টে অতিক্রমকালে আম্বরখানার দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাব্বির আহমেদের মৃত্যু হয়। বুরহান গুরুতর আহত হন। পরে সাব্বির ও বুরহানকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.