Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ১৩ মে, ২০২১

সিলেটের বিয়ানীবাজারের প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হিফজুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তার বাড়ি উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই গ্রামে। বুধবার নিহত যুবক হিফজুর রহমান (৩৫) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি মৃত আজির উদ্দিনের ছেলে।

জানা যায়, গত ২৩ এপ্রিল বিকাল ৫টার দিকে গজারাই হাওর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হিফজুর রহমানের উপর হামলা করেন প্রতিপক্ষের লোকজন। এতে তিনি গুরুতর জখমপ্রাপ্ত হলে তাকে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

নিহতের ভাই আবু জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপপাতালে আইসিইউ সংকট থাকায় আমরা তাকে বেসরকারী হাসপাতালে ভর্তি করি। পরবর্তীতে সেখানে তার মৃত্যু হলে ময়নাতদন্ত কাজে দেরী হওয়ায় দাফন কাজেও একদিন বিলম্ব হয়।

এ ঘটনায় গত ১১ মে নিহতের স্ত্রী লেবু বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন রফিক উদ্দিন ওরফে হারুণ, নাজিম উদ্দিন, ফায়েক ও নূর উদ্দিন। তারা সবাই একই গ্রামের লোক। বিবাদীরা একই পরিবারের এবং সম্পর্কে বাপ-ছেলে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, ঘটনা পরবর্তী মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। তবে ভিকটিম হিফজুর রহমান মারা যাওয়ায় এটি হত্যা মামলা হিসেবে রুপ দিতে আমাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এই ঘটনায় হারুনুর রশীদ ও নূর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.