Sylhet Today 24 PRINT

সৌদি আরবের সঙ্গে মিল রেখে তাহিরপুরের ৬ গ্রামে ঈদ উদযাপন

তাহিরপুর প্রতিনিধি |  ১৩ মে, ২০২১

ফাইল ছবি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল, রজনীলাইন, পুরানঘাট, বড়ছড়া, মাহারাম ও চাঁনপুর গ্রামের শতাধিক পরিবার।

বৃহস্পতিবার (১৩ মে) ১০টায় আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদ উদযাপনকারী আমতৈল গ্রামের শিক্ষক জহিরুল ইসলাম জানান, চট্টগ্রামের সাতকানিয়ার ‘মির্জা কিল দরবার শরীফ’ এর অনুসারী তারা। তাদের পূর্ব পুরুষরা ওই দরবার শরীফের মুরিদ। সেখানকার দিক-নির্দেশনা অনুযায়ী তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও পবিত্র ঈদুল ফিতর পালন করেন। তবে ঈদুল আযহা সারাদেশের ন্যায় উদযাপন করেন।

মতিউর রহমান জানান, আমতৈল মধ্যপাড়া সরকারবাড়ি জামে মসজিদে আজ সকাল ১০টার দিকে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কোনাগাঁও গ্রামেও তাদের অনুসারী রয়েছেন। ওই গ্রামেও অন্তত ১০টি পরিবার আজ ঈদ উদযাপন করছেন।

তিনি আরও জানান, আমতৈল গ্রামের অধিকাংশ পরিবারে রোজা ও ঈদ উদযাপনে ভিন্নতা হলেও আমাদের মধ্যে হিংসা-বিদ্বেষ কিংবা হানাহানি নেই।

বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ও আমতৈল গ্রামের বাসিন্দা স্বপ্না আক্তার ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতি বছরের মত এ বছরও এ সব গ্রামের লোকজন বিপুল উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর পালন করছে।

রজনীলাইন গ্রামের স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক মিয়া বলেন, রজনীলাইন, চাঁনপুর, আমতৈল, পুরানঘাট, মাহারাম গ্রামের অন্তত দুই শতাধিক পরিবার তাঁদের সাথে একাত্মতা প্রকাশ করে ঈদের জামাতে মিলিত হয়ে নামাজ আদায় করেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.