Sylhet Today 24 PRINT

সিলেট আসছেন নিহত উই ওনটোর স্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০২১

মৃত চীনা নাগরিক উই ওনটোর পাসপোর্ট

নগরীর পাঠানটুলা এলাকার একটি ভাড়া বাসায় ছুরিকাঘাতে নিহত চীনা নাগরিক উই ওনটো (৪৮) এর স্ত্রী সিলেট আসছেন। স্বামীর লাশ গ্রহণ করতে মঙ্গলবার (১৮ মে) চীন থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন নিহতের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ খান বলেন, নিহত চীনা নাগরিকের স্ত্রী থানায় আসার পর মামলা হবে। পুলিশ এখনও নিহতের ময়নাতদন্ত করেনি। যতটুকু জেনেছি নিহতের স্ত্রী আজ বিকেলের মধ্যে সিলেটে আসবেন এবং তিনি স্বামী হত্যার ঘটনায় মামলা দায়ের করতে আগ্রহী রয়েছেন। এছাড়া আহত অপর চীনা নাগরিকের চিকিৎসা চলছে পুলিশের পাহারায়।   

এর আগে মঙ্গলবার সকালে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি ভাড়া বাসা থেকে ছুরিকাঘাতে নিহত ঐ চীনা নাগরিকের লাশ উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি থানাধীন পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকের ১১/৯ নাম্বার বাড়ির পঞ্চমতলায় ৭ম নম্বর ফ্লাটে এ ঘটনাটি ঘটে। নিহত উই ওনটো  কুমারগাঁও বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত। একই বাসা থেকে সানজি (৪৮) নামের আরেকজন চীনা নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা যায়, কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত ১২ জন চীনা নাগরিক নগরীর পাঠানটুলায় এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। ঘটনার দিন সকালে হাত ধোয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারি হয়। নিহত উই ওনটো বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.