Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় আটক তিন ভাই

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৯ মে, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে উজ্জ্বল চৌধুরী নামের এক যুবক নিহতের ঘটনায় একই পরিবারের তিন ভাইকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কচুরকান্দি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রফিকুল ইসলাম হাসিম, আশিক আলী ও ইয়াতিবুল রহমান।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত সোমবার বিকেলে উপজেলার মোহাম্মদগঞ্জ বাজারে জগন্নাথপুরের কচুরকান্দি গ্রামের ফয়জুল ইসলাম ও ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের খালিছ মিয়ার মধ্যে সরকারি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি খালিছ মিয়ার লোকজন সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করলে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। সোমবার বিরোধীয় জায়গা পরিদর্শনে যান ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ।

এসময় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। এরমধ্যে খালিছ মিয়ার ভাতিজা উজ্জ্বল চৌধুরী (২৯) এর অবস্থা আশংকাজনক হওয়ায় সোমবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। সংঘর্ষের ঘটনায় আহত অপর চারজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় আটক তিনজনের মধ্যে একজনকে আজ বুধবার সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দুইজন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.