Sylhet Today 24 PRINT

শাল্লায় তাণ্ডবের ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২০ মে, ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু হামলার ঘটনায় গ্রামবাসীর দায়ের করা মামলার আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এই নিয়ে এই ঘটনায় ৪৪ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। গ্রেপ্তারকৃত ৬ জনকেই আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের এমদাদুল হকের ছেলে এখলাছুর রহমান রিপন (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে জয়নুল মিয়া (৩৮), মাধু মিয়ার ছেলে বীর আলম বিকরুল (৪৫), দিরাই উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে মো. মতিউর রহমান মুন্সি (৬০), একই উপজেলার নাচনি গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. শাহীন মিয়া (২৩) ও ফয়জুল ইসলামের ছেলে মো. রাকিব হোসেন (২২)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত এখলাছুর রহমান রিপন নোয়াগাঁওয়ের হামলার ঘটনায় নেতৃত্বদানকারীদের একজন। হামলার একদিন আগে থেকেই সে সক্রিয় ছিল।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ জানান, গ্রেপ্তারকৃত ৬ আসামীকে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জজ আদালতের শাল্লা জোনের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়ার আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক যুবকের ফেসবুক আইডি থেকে হেফাজত নেতা মামনুল হককে কটাক্ষ করে কথিত স্ট্যাটাসের প্রতিক্রিয়াকে কেন্দ্র করে মাওলানা মামুনুল হকের সমর্থকরা গত ১৭ মার্চ হামলা, লুটপাট ও ভাংচুর করেছে নোয়াগাঁও গ্রামের ৮৮ বাড়িতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.