সিলেটটুডে ডেস্ক | ২২ মে, ২০২১
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটেলিয়ানের উদ্যোগে সীমান্তে ২শ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশী নাগরিক কর্তৃক অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধকল্পে অসহায়, গরীব, হতদরিদ্র ২০০ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। শনিবার সকাল থেকে অসহায় পরিবারকে এ সব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিবিজিএম, পিএসসি, বলেন, ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি এলাকায় সীমান্ত হত্যা/সীমান্ত অপরাধ রোধকল্পে দুস্থ্য পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, আধা লিটার তৈল, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর এবং ১ কেজি চিনি বিতরণ করা হয়।
এসব খাদ্য সহায়তা বিতরণ করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল আহমেদ ইউসুফ জামিল।