Sylhet Today 24 PRINT

গরমে সিলেটের ১৫ বছরের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০২১

সাধারণত মে মাসে বেশি বৃষ্টিপাত হয়। আর তাপদাহ বেশি থাকে এপ্রিল ও আগস্ট মাসে। তবে এবার হয়েছে ব্যতিক্রম। আজকের সিলেটের তাপমাত্রা মে মাসের ১৫ বছরের রেকর্ড বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

রোববার (২৩ মে) সিলেটে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০৬ সালে মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, বঙ্গবসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে এই গরমের উৎপত্তি। ঘূর্ণিঝড়ের কারণে সব জায়গার জলীয়বাষ্প টেনে নিয়ে যাচ্ছে। এরজন্য বেশি গরম অনুভূত হচ্ছে এবং তাপমাত্রাও বাড়ছে। গত ১৫ বছরের মধ্যে মে মাসের রেকর্ড আজকের তাপমাত্রা।

তিনি বলেন, সাধারণত এই মাসে হালকা বৃষ্টি থাকে যার জন্য তাপমাত্রা থাকে। তবে এবার বৃষ্টিপাত অনেক কম হয়েছে। তাই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
এপ্রিল মাসে ৩৭.৫ পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজ ৩৭.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রা আরও দুই তিন দিন থাকবে। মূল বৃষ্টি আসবে ঘূর্ণিঝড়ের পর।


আবহাওয়াবিদ সাঈদ আহমদ বলেন, ঘূর্ণিঝড়ের মুভমেন্টের উপর নির্ভর করছে বৃষ্টি। ২৬ মে পরে হালকা বৃষ্টি এবং ২৯ বা ৩০ মে নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবেগ বৃদ্ধি পেলে বৃষ্টির সম্ভাব্য তারিখ আরও এগিয়ে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.