Sylhet Today 24 PRINT

৪ শিশুকে বলাৎকার করেন সেই মাদ্রাসা অধ্যক্ষ!

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০২১

ছবি: সিলেট মহানগর পুলিশ

শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে আটক সিলেটের মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ সৈয়দ দেলোয়ার হোসেনকে (৫৩) জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

দেলোয়ার হোসেন দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার হযরত শাহজালাল তমজিদিয়া (রহ.) মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ।

এরআগে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর বাবা। মামলায় মাদ্রাসার বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত ৪ জন শিশুকে বলাৎকারের অভিযোগ আনা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, যে চার শিশুকে বলাৎকারের অভিযোগ আনা হয়েছে তাদেরকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল করেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর মাদ্রাসা অধ্যক্ষকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনে তাকে রিমান্ডে আনা হবে।

শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ পেয়ে রোববার রাত ১ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ মাদ্রাসা থেকে অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। তার মূল বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।

পুলিশ জানায়, রাতে মাদ্রাসার ছাত্রদের নিজের শয়নকক্ষে এনে বলাৎকার করতেন দেলোয়ার। রোববার সন্ধ্যা ৭টার দিকে এক শিক্ষার্থীর অভিভাবক জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করে ওই অধ্যক্ষের ব্যাপারে অভিযোগ দেন। পরবর্তীতে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিশুদের উদ্ধার করে ও মাদ্রাসা অধ্যক্ষ সৈয়দ দেলোয়ার হোসেনকে আটক করে নিয়ে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.