Sylhet Today 24 PRINT

বড়লেখায় সরকারি জায়গা থেকে অবৈধ দোকান উচ্ছেদ

সিলেটটুডে ডেস্ক: |  ২৫ মে, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা তিনটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২৪ মে) বিকেলে উপজেলার তালিমপুর ইউপির কাননগোবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এগুলো উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

অভিযানের সময় বড়লেখা থানার সেকেন্ড অফিসার সুব্রত কুমার দাস ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস উপস্থিত ছিলেন।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউপির কাননগোবাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের একপাশের ০.০৫ একর জায়গা প্রায় ৮-৯ বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন স্থানীয় বাসিন্দা আবু বক্কর, সামছুদ্দিন ও নজরুল ইসলাম। তারা সেখানে দোকানপাট নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি সেখানে পাকা একটি ঘর তৈরি করা হয়। খবর পেয়ে সোমবার বিকেলে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। এসময় তিনটি দোকানঘর উচ্ছেদ করা হয়।

বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা বলেন, প্রায় ০.০৫ একর সরকারি জায়গার ওপর অবৈধভাবে দখল করে গড়ে তোলা তিনটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এতে সরকারি জায়াগা দখলমুক্ত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.