Sylhet Today 24 PRINT

নগরীতে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মে, ২০২১

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রৌদ্র দত্ত নামের এক কিশোর মারা গেছেন।

নিহত রৌদ্র দত্ত নগরীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এই বিদ্যালয় থেকে এ বছর সে এসএসসি পরীক্ষার্থী ছিল।

রৌদ্র নগরীর জিন্দাবাজার এলাকার মৃত প্রিয়লাল দত্ত ও রেখা রানী দত্ত দম্পতির একমাত্র ছেলে।

মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।

নিহত রৌদ্রের সাথে সাঁতার কাটা একরাম হোসেন জানান, বিকাল ৫টার দিকে তারা হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাঁতার কাটতে নামেন। এসময় রৌদ্রের সহপাঠিরাও সাথে ছিল। পুলে নামে আধাঘন্টার মধ্যে রৌদ্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই অনেক খোজার পরও তাকে না পাওয়ায় হোটেলের কর্মীরা পুলে নামেন। তখন হোটেলের কর্মীরা দেখতে পান রৌদ্র পানির নিছে ডুবে আছে। সেখান থেকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেলের নিয়ে আসা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এখন রৌদ্রর মরদেহ ওসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে রাখা আছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানান একরাম।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এস এম আবু ফরহাদ রাত সাড়ে ৮টায় সিলেটটুডেকে বলেন, ‘করোনার কারণে তারা সাঁতার শেখায় না। যারা সাঁতার জানে তারাই এখন ওখানে সাঁতার কাটতে যায়। বন্ধুদের সাথে রুদ্র সেখানে গেছে। সে যে সাঁতার জানেনা না, এটা কেউ জানত না। লাশ উদ্ধারের পর তার বন্ধুরাই হাসপাতালে নিয়ে গেছে।’

এ ব্যাপারে হোটেল নির্ভানা ইনের ওয়েবসাইটে যোগাযোগের যে মোবাইল নাম্বার দেওয়া আছে তাতে কল দেওয়া হলে কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু অবগত নন বলে জানান। এ ঘটনার ব্যাপারে জেনে তারা কল দিবেন বললেও পরে তারা আর যোগাযোগ করেননি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.