Sylhet Today 24 PRINT

নগরীতে বিদেশী রিভলবারসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মে, ২০২১

সিলেট বিদেশী রিভলবারসহ তানিম আহমদ বাবলু (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ মে) রাত ১১টা ১০ মিনিটের দিকে পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর একটি দল অস্ত্র, গুলিসহ তাকে গ্রেপ্তার করে।  

সে আখালিয়া নোয়াপাড়া এলাকার জমসেদ আলী ছেলে।

মঙ্গলবার (২৫ মে) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল নগরের জালালাবাদ থানার পশ্চিম পাঠানটুলা সুনামগঞ্জ রোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ী তানিম আহমদ বাবলুকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, তানিম আহমদ বাবলু দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। সে এলাকায় একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। ওই এলাকায় মাদক, চোরাকারবারী, অস্ত্রব্যবসায়ী, চাঁদাবাজী, মারধর ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোসহ সকল খারাপ কর্মকান্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী, পুলিশ এ্যাসল্ট, হত্যাচেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.