হবিগঞ্জ প্রতিনিধি | ২৭ মে, ২০২১
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে এনা পরিবহন ও সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে এনা পরিবহনের চালক ও কাভার্ড ভ্যানের চালকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. পারভেজ আলম চৌধুরী জানান, সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় একটি সিএনজি অটোরিক্সা বাসের সামনে চলে আসলে অটোরিক্সাটিকে বাঁচাতে বাসটি ডান সাইটে সড়ে যায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সাথে এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুইপাশে অন্তত ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি উদ্ধার করলে প্রায় ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।