মৌলভীবাজার সংবাদদাতা | ০২ ফেব্রুয়ারী, ২০১৫
মৌলভীবাজারে টানা অবরোধের মধ্যে ঢিলেঢালা ভাবে চলছে ২০ দলীয় জোটের ডাকা ১২০ ঘন্টার হরতাল । ছাত্রশিবিরের একটি ঝটিকা মিছিল ছাড়া হরতালের প্রভাব জন জীবনে তেমন একটা পড়েনি।
২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী ১২০ ঘন্টার হরতালের ২য় দিনে আজ (সোমবার) সকাল আটটার দিকে শহরের কুসুমবাগ এলাকায় হরতাল ও অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে ছাত্র শিবির। এ সময় কুসুমবাগ পয়েন্টে পেট্রোল ঢেলে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সটকে পরে পিকেটাররা । এরপর টায়ারের আগুন নিভিয়ে সড়ক পরিস্কার করে পুলিশ। এদিকে বেলা বাড়ার সাথে সাথে শহরে সিএনজি,অটো রিক্সা সহ ছোট ছোট যান চলাচল শুরু হয় । অফিস আদালত, দোকান পাঠ অন্য দিনের মত খোলা ছিলো। এছাড়া মৌলভীবাজার থেকে দূর পাল্লার কোন বাস ছেড়ে না গেলেও জেলা শহরের সঙ্গে উপজেলার সংযোগ সড়ক গুলোতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। একটি ঝটিকা মিছিল ছাড়া হরতালের কোন প্রভাব জন জীবনে পড়েনি। এদিকে হরতাল ও অবরোধে শান্তি শৃংখলা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।