সিলেটটুডে ডেস্ক | ২৯ মে, ২০২১
সিলেটে ১ ঘণ্টার ব্যবধানে তৃতীয়বারের মতো ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০ টা ৩২ মিনিট, ১০টা ৪৭ ও ১১ ৩০ মিনিটে সিলেট অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস। তবে তাৎক্ষণিক রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সিলেটে ১ ঘন্টার ব্যবধানে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেন না ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।
এদিকে পর পর তিনবার ভূমিকম্পে প্রবল ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য তাৎক্ষণিক এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, টানা তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে বলেও জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে তিন দফায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা খতিয়ে দেখা হচ্ছে। ভূমিকম্প শুধু সিলেট জোনে অনুভূত হয়েছে।