Sylhet Today 24 PRINT

সিলেটে এক ঘণ্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্প, জনমনে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০২১

সিলেটে এক ঘণ্টার ব্যবধানে চারবার কম্পন অনুভূত হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে।

স্থানীয়রা জানান, শনিবার (২৯ মে) সকাল সকাল ১০ টা ৩৬ মিনিট, ১০টা ৫০, ১১টা ৩০ মিনিট ও ১১টা ৩৪ মিনিটে সিলেটে ভূ-কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ৪ দশমিক ১ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ১০.৩৬ মিনিটে প্রথম ভূ-কম্পনটির রিখটার স্কেলে মাত্রা ছিলো ৩। সকাল ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ভূ-কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিলো ৪ দশমিক ১। এছাড়া ১১টা ৩০ মিনিটে সংগঠিত হয় ২ দশমিক ৮ মাত্রার ভূ-কম্পন। তবে ১১ টা ৩৪ মিনিটে সংগঠিত ভূ-কম্পনটি ২ মাত্রার নিচে হওয়ায় তা গননায় নেওয়া হচ্ছেনা।

ভূ-কম্পনের উৎপত্তিস্থল সিলেট অঞ্চলে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের সিলেট অঞ্চলের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।’

এদিকে এক ঘণ্টার মধ্যে চারবার কম্পনে অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়।

তবে কম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল সিলেটসহ সারাদেশে ৬ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.