Sylhet Today 24 PRINT

সিলেটে ২ ঘণ্টার ব্যবধানে পঞ্চমবারের মতো কম্পন

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০২১

সিলেটে এক ঘণ্টার ব্যবধানে পঞ্চমবারের মতো মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে।

স্থানীয়রা জানান, শনিবার (২৯ মে) সকাল সকাল ১০ টা ৩৬ মিনিট, ১০টা ৫০, ১১টা ৩০ মিনিট, ১১টা ৩৪ ও বেলা ১টা ৫৮ মিনিটে সিলেটে ভূ-কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ৪ দশমিক ১ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পর পর পাঁচবারের ভূমিকম্পে সিলেটজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরনের ভূমিকম্প হলে সিলেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, ‘সিলেটে চারবার ভূমিকম্প হয়েছে। অনেকেই পাঁচবার দাবি করলেও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, চারবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। সর্বশেষ বেলা ২টার দিকে আরেক দফা ভূমিকম্প হয়েছে।’

এদিকে এক ঘণ্টার মধ্যে চারবার কম্পনে অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়।

তবে কম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল সিলেটসহ সারাদেশে ৬ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.