Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ৬ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৯ মে, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জে জুয়া খেলা ও সহযোগিতার অপরাধে ৬ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাত ৯টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শেখ মহিউদ্দিন এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বনগাঁও গ্রামের ইউসুফ চৌধুরীর ছেলে জিল্লান চৌধুরী (২৮), একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে নুর মিয়া (৩৭), পারকুল এলাকার মৃত মহবত উল্ল্যার ছেলে আব্দুর রহিম (৩২), একই এলাকার মৃত মকলিছ মিয়ার ছেলে আব্দুল আজিজ (৪২), মৃত আব্দুল মোছাব্বিরের ছেলে হাসান মিয়া (৩২), ও মৃত হুছন মিয়ার ছেলে মাইনুল ইসলাম (৩৫)।

জানা গেছে, শুক্রবার রাতে ইউএনওর কাছে খবর আসে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল এলাকায় জুয়ার আসর বসেছে। তাৎক্ষণিক তিনি নবীগঞ্জ থানার একদল পুলিশ নিয়ে ওই এলাকায় ছুটে যান। এসময় জুয়া খেলার অপরাধে ৫ জন ও জুয়া খেলার স্থান দেওয়ায় ১ জনসহ মোট ৬ জনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়া আইনে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শেখ মহিউদ্দিন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শেখ মহিউদ্দিন বলেন, ‘এমন অভিযান অব্যাহত থাকবে। যে বা যারা দোকানে অথবা ঘরে জুয়া খেলার স্থান করে দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.