বিশ্বনাথ প্রতিনিধি | ২৯ মে, ২০২১
সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি মোকাব্বির খান।
শনিবার (২৯ মে) সিলেট ও নির্বাচনী এলাকার সাংবাদিকদের নিয়ে সিলেটের নবাব রোডস্থ নিজ বাসায় তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি মোকাব্বির খান নিজেকে ওই সিন্ডিকেটের কাছে জিম্মি দাবি করে বলেন, দেশের অন্যান্য স্থানের মতো বিশ^নাথ-ওসমানীনগরেও দুর্নীতিবাজ সিন্ডিকেটদের দৌরাত্ম চরমে। সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। এজন্য বিশ্বনাথ-ওসমানীনগরে জমি বাছাই চলছে। যেখানে বিনামূল্যে জমি পাওয়া যাবে না, সেখানে সরকার তিনগুণ বেশি টাকা দিয়ে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওসমানীনগরে কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপনে জনগণ বিনামূল্যে জমি দিতে চাইলেও ইউএনও’র সক্রিয় সহযোগিতায় একটি প্রভাবশালী সিন্ডিকেট জমি অধিগ্রহণের নামে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তথ্য-প্রমাণসহ বিষয়টি জানার পার তিনি এটি বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিও লেটার দেন এবং সংসদেও উত্তাপন করেন।
তিনি বলেন, এতে করে ইউএনও এবং আফজারুর রহমান চৌধুরী নাজলুসহ সিন্ডিকেট চক্রদের সঙ্গে নিয়ে তাকে (এমপি) অপমান-অপদস্থ করার পায়তারা করছেন। এজন্য ইউএনও’র বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবিও জানিয়েছেন এমপি মোকাব্বির।
এমপি বলেন, উপজেলার সকল প্রকার উন্নয়ন কাজের ব্যাপারে জাতীয় সংসদ সদস্য হিসেবে তার সাথে পরামর্শ করার নির্দেশনা থাকা স্বত্বেও ইউএনও তা অবজ্ঞা করে যাচ্ছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও তিনি জনগণের স্বার্থকে উপেক্ষা করে নিজের ও সিন্ডিকেটের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন। এসকল অভিযোগের স্বপক্ষে তার কাছে যথেষ্ট সাক্ষ্যÑপ্রমাণ রয়েছে বলেও জানান এমপি।
তার অভিযোগ, ইউএনও তাহমিনার যোগসাজশে সম্প্রতি ওসমানীনগরের গোয়ালাবাজারে টিসিবির পণ্য খোলা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে বিক্রি হওয়া নিয়ে একটি ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন তুলেছে।
এছাড়া, ইউএনও’র বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক টিআর/কাবিটা প্রকল্পের শতভাগ কাজ সম্পন্নকারীদের নিকট থেকেও ১০-১৫% ঘোষ গ্রহণের অভিযোগও উত্তাপন করেন এমপি। যারা ঘোষ দেন না তাদের বিল আটকে দেওয়ারও অভিযোগ করেন তিনি।
তবে, অভিযোগ মিথ্যা দাবি করেছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। তিনি এ প্রতিবেদককে বলেন, সরকারের উন্নয়নকাজকে বাঁধাগ্রস্ত করতে যা যা প্রয়োজন তাই করে যাচ্ছেন এমপি মোকাব্বির।
এবিষয়ে কথা হলে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এসকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি এ প্রতিবদেককে বলেন, একজন ইউএনও হিসেবে জনগণের বিপক্ষে গিয়ে কাজ করার কোন সুযোগ নেই। আর সিন্ডিকেট তৈরি করে অন্যায় কাজ করার তো প্রশ্নই উঠে না।