হবিগঞ্জ প্রতিনিধি | ৩০ মে, ২০২১
হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শনিবার দুপুরে উপজেলার খাগাউড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, খাগাউড়া গ্রামের টেনু মিয়ার ছেলে রুবেল মিয়ার সাথে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আতাউর রহমানের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে খাগাউড়া বাজারে এক ব্যক্তিকে গালিগালাজের জেরধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে স্থানীয়রা এসে বিষয়টি সামাজিক ভাবে সমাধানের আশ্বাস দেন।
শনিবার দুপুরে এ ঘটনার জের ধরে আবারও উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী পুরুষসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুত্বর অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি আরও জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।