Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যা

দোয়ারাবাজার প্রতিনিধি |  ০৪ জুন, ২০২১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নূর আলম (১৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জিরারগাঁও গ্রামের পাশের একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নূর আলম সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের দর্পগ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, দোয়ারাবাজার উপজেলার পশ্চিম বাংলাবাজারে নুর আলমের পরিবারের রেঁস্তোরা ব্যবসা রয়েছে। নূর আলমই সেটি দেখাশোনা করতেন।

বৃহস্পতিবার রাতে তিনি দোকানেই ছিলেন। রাত ১১টার দিকে এলাকার এক যুবক তাকে দোকান থেকে ডেকে নিয়ে যান।

শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জিরারগাঁও গ্রামের পাশে গ্রামেরআলী আমজদের একটি জমিতে নূর আলমের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন একজনের নাম আমরা পেয়েছি। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.