নবীগঞ্জ প্রতিনিধি | ০৫ জুন, ২০২১
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে ইভটিজিং করার সময় উপস্থিত জনতা এক যুবককে আটক করে। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে খবর প্রদান করেন স্থানীয়রা। তখন উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে ওই যুবককে একবছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
শনিবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় এ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে ইভটিজিং করার সময় উপস্থিত জনতা মো. আনোয়ার হোসেন (৩২) নামে এক যুবককে আটক করে। তখন স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনকে খবর দেন। উপজেলা নির্বাহী অফিসার , নবীগঞ্জ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করলে উক্ত ঘটনা সাক্ষী ও উপস্থিত ব্যক্তিদের বক্তব্যে সন্দেহাতীতভাবে সত্য প্রমাণিত হয়। এছাড়া দোষী দোষ স্বীকার করে এবং এরকম আর করবে না মর্মে ক্ষমা চায়।
সার্বিক পর্যালোচনা করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মতে মো. আনোয়ার হোসেন (৩২), পিতা মৃত হায়দার আলী, সাং রায়পুরা , জেলা নরসিংদীকে দোষী সাব্যস্ত করে, দণ্ডবিধি ১৮৬০এর ৫০৯ ধারার কৃত অপরাধে একবছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান, ইভটিজিং রোধে সরকার সবসময়ই কঠোর । দণ্ডবিধি ১৮৬০এর ৫০৯ ধারার কৃত অপরাধে ওই যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।