নিজস্ব প্রতিবেদক | ০৭ জুন, ২০২১
সিলেটে র্যাব-৯ এর পৃথক অভিযানে ১৩৮৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ জুন) নগরের কোতোয়ালী থানা ও জকিগঞ্জ থানা এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৭ জুন) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল নগরের কোতোয়ালী থানার সোবহানীঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৪৬ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি মো. দুলাল হোসেনকে গ্রেপ্তার করে।
একই সময় কোতোয়ালী থানার কাষ্টঘর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৬০ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি মো. দুলাল মিয়া ওরফে পাখি মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এদিকে রোববার বিকেল সাড়ে ৫টায় সিলেট জেলার জকিগঞ্জ থানার মরিচা এলাকায় অভিযান পরিচালনা করে ৭৮৩ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি সোহেলকে গ্রেপ্তার করা হয়।
এসব ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।