Sylhet Today 24 PRINT

সবুজে গড়ে উঠছে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুন, ২০২১

প্রকৃতির সৌন্দর্য ঘেরা সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ক্যাস্পাস। দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নে স্থায়ী ক্যাম্পাসে ২০১৮ সাল থেকে একাডেমিক এবং প্রশাসনিক সকল কার্যক্রম শুরু করেছে এ বিশ্ববিদ্যালয়। প্রতিবছরই লিডিং ইউনিভার্সিটি পরিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ প্রায় সারাবছরই বিভিন্ন ধরনের ফলদ গাছ, ফুলগাছ এবং ছায়াবৃক্ষ রোপণ করেন এ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় বৃক্ষরোপণ ২০২০ কর্মসূচিতে দেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজে সাজিয়ে তুলতে গতবছর বর্ষা মৌসুমে লিডিং ইউনিভার্সিটিতে দশ হাজার বিভিন্ন প্রজাতির বনজ এবং ফলদ বৃক্ষ রোপণ করার উদ্যোগ নেয়া হয়।

বিভিন্ন সময় এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বটল পাম, কৃষ্ণচূড়া, কদম, নিম, শিমুল, তাল, নারিকেল, আমলকি, অর্জুন, হরিতকি, দারুচিনি, এলাচি, সোনালু, বহেরাসহ বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে। তাছাড়া শীতের সময় বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপণ করা হয় ক্যাম্পাস প্রাঙ্গণে যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজিয়ে তুলে এক নতুন রুপে। ইতোমধ্যে ড. সৈয়দ রাগীব আলী স্বল্প জায়গা নিয়ে লিডিং ইউনিভার্সিটিতে নির্মিত শহিদমিনারের পাশে বেশ কিছু চা গাছও রোপণ করেছেন। যার ফলে ক্রমান্বয়ে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার রাগীবনগরে গড়ে ওঠা সবুজে ঘেরা দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাস উন্নীত হচ্ছে শিক্ষাবান্ধব এক মনোরম পরিবেশে।  

''প্রতিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার’ বিশ্ব পরিবেশ দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে আরও গাছ রোপণ ও পুরানো গাছগুলোর পরিচর্যা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে গাছ রোপণ করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

উপযুক্ত পরিবেশই আমাদের সুস্থ ও স্বাভাবিক জীবনের নিশ্চয়তা দেয়-- একথা উল্লেখ করে অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলা আরও বলেন, পরিবেশ ও প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা করোনা অতিমারির সময়ে মর্মে মর্মে উপলব্ধি করেছি। তাই এখনই প্রয়োজন পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ানোর। সাধারণ মানুষ হিসেবে আমাদের যতটুকু ক্ষমতা আছে, তা দিয়েই আমদেরকে প্রকৃতিকে সুস্থ করে তোলার চেষ্টা করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.