সিলেটটুডে ডেস্ক | ০৭ জুন, ২০২১
সিলেট নগরীর খাবার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পানসী বেকারি ও নিপা বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের অভিযোগে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে সিসিকের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া স্বাস্থ্যবিধি না মানা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।
সোমবার (৭ জুন) দুপুরে নগরের মেন্দিবাগ সাদিপুর এলাকায় সিলেট সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিসিক সূত্রে জানা যায়, অভিযানে ভ্রাম্যমাণ আদালতে খাবার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নিপা বেকারি ও পানসী বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআই আইনে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। একই এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় সিলেট ট্রেড সেন্টারের দুই ব্যক্তিকে ৫ হাজার ৩শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণসহ বিএসটিআই প্রতিনিধি ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।