Sylhet Today 24 PRINT

এবারও হচ্ছে না শাহজালাল মাজারের বাৎসরিক ওরস

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০২১

করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় ও জনগণের স্বাস্থ্য এবং নিরাপত্তার স্বার্থ বিবেচনায় এবারও হচ্ছে না শাহজালাল (রহ.) মাজারের ৭০২তম বাৎসরিক ওরস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক ও করোনাভাইরাস জনিত মহামারীর বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সচেতনতায় এবছরও ওরস স্থগিতের কথা জানিয়েছেন দরগা-ই হযরত শাহজালাল মাজারের মোতাওয়াল্লি ফাতেহউল্লাহ আল আমান।

এর আগে গত বছরেও শাহজালাল (রহ.) মাজারের ৭০১তম বাৎসরিক ওরস একই কারণে বাতিল করা হয়।

শনিবার (১২ জুন) সকালে দরগাহ অফিসে জরুরি বৈঠক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন, মাজারের মোতাওয়াল্লি ফাতেহউল্লাহ আল আমান, মাজারের খাদেম সামুন মাহমুদ খান, সিলেটের মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শেখ মো. মখন মিয়া প্রমুখ।

মাজারের খাদেম সামুন মাহমুদ খান জানান, ১ ও ২ জুলাই শাহজালাল মাজারের ওরস হওয়ার কথা ছিল। কিন্তু ওরসের আয়োজন করা হলে প্রচুর ভক্ত-অনুরাগী ভিড় করবেন। এতে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হবে না। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। এ কারণে এবারের ওরস আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ৭০১ বছরের ইতিহাসে এইবার নিয়ে দুইবারের মতো শাহজালাল মাজারের ওরস হচ্ছে না। মুক্তিযুদ্ধের বছরও এখানে ওরস হয়েছে। কিন্তু করোনার কারণে তা করা সম্ভব হয়ে উঠছে না। তাই তিনি  ভক্ত ও আশিকানদের মাজারে একত্রিত না হয়ে নিজ নিজ এলাকায় অবস্থান করে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছে।

তিনি বলেন, আমরা প্রথমে ভক্ত-অনুরাগীর ভিড় ছাড়াই নিয়ম রক্ষার জন্য ওরস আয়োজন করতে চাচ্ছিলাম। গত সপ্তাহে লোকসমাগম ছাড়া মাজারের লাকড়ি তোড়া উৎসবও করি। কিন্তু ওই দিন দেখা যায়, কাউকে না বললেও অনেক লোকই মাজারে জড়ো হয়ে যান। ফলে ওরসের আয়োজন করলে ভক্তদের উপস্থিতি ঠেকানো যাবে না। তাই ভক্ত ও আশিকানদের দরবার শরীফে একত্রিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

এদিকে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দে ১৯ জিলকদ তিনি মৃত্যুবরণ করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাঁকে দাফন করা হয়। এর পর থেকে তাঁর মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর ওরস পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.