Sylhet Today 24 PRINT

মিরপুরে করোনা আতঙ্ক, বাড়ি বাড়ি ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ১৩ জুন, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নে করোনাভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে। সম্প্রতি এই ইউনিয়নের একজন করোনায় মারা যান। এরপর একই এলাকার আরও ৩ জনের করোনা শনাক্ত হয়।

এ অবস্থায় শনিবার দুপুর জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধুসুদন ধরের নেতৃত্বে প্রশাসনিক একটি দল ওই ইউনিয়নের আটঘর গ্রামের ৪ থেকে ৫টি বাড়ি লডকাউন ঘোষণা দেন। এছাড়া আটঘর ও স্থানীয় কেউনবাড়ি বাজারের জনসাধারণকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের তরুণ সমাজকর্মী লিটু খান গত ৪ জুন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যান। এ মৃত্যুর কয়েকদিন পর গত ১০ জুন একই এলাকার এক পরিবারের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তরা ঘরে আইসোলেশনে আছেন।

এদিকে শনিবার প্রশাসনের পক্ষ থেকে আটঘর এলাকায় করোনা মারা যাওয়া লিতু খানের বাড়িসহ পাশের আরো ৩ থেকে ৪টি বাড়ি লকডাউনের আওতায় আনা হয়েছে। ওই সব বাড়ির লোকজনকে ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধুসুদন ধর বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আটঘরের ৪ থেকে ৫টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। এছাড়া আমরা আটঘরের বাড়ি বাড়ি ও বাজারের ব্যবসায়িদের দোকানে দোকানে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য জনসচেতনামূলক প্রচারনা করেছি।

তিনি জানান, জগন্নাথপুরে এখন পর্যন্ত সর্বমোট ২৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ২২৪ জন। ১৩ জন হোম আইসোলেসনে এবং ১জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, করোনায় মারা যাওয়া ব্যক্তির বাড়ি ও নতুন করে আক্রান্ত পরিবারসহ আটঘর ও কেইনবাড়ি বাজারের লোকজনকে সরকারি নির্দেশনা অনুয়ায়ি স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.