সিলেটটুডে ডেস্ক | ১৩ জুন, ২০২১
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকে আগুন লেগে কমপক্ষে দুই জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন।
রোববার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ ভোররাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ব্রিজের ১৮ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।’
মোসাদ্দেক হোসেন বলেন, ‘ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মিনি ট্রাককে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকে আগুন লেগে যায়। এতে দুই জন নিহত হন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
নিহতরা হলেন— নীলফামারীর ডিমলা উপজেলার গয়াদারি গ্রামের বাসিন্দা মজনু মিয়া (৩৩) ও একই গ্রামের নজরুল ইসলাম (৩৫)। দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’