Sylhet Today 24 PRINT

চাষনীপীর মাজারের প্রবেশ পথে নির্মিত হচ্ছে সুদৃশ্য তোরণ

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০২১

সিলেটের ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত চাষনী পীর (রহ.)। নগরীর গোয়াইপাড়ায় অবস্থিত এই অলির মাজার যেমন ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অন্যতম তীর্থ, তেমনি পর্যটকদের জন্যেও দর্শনীয় স্থান। বছরজুড়ে লাখো পর্যটকের আগমন ঘটে এই মাজারে। তাই মাজার এলাকার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে একটি সুদৃশ্য তোরণ নির্মাণ করতে যাচ্ছে এলজিইডি।

জানা যায়, নগরীর আম্বরখানা-টিলাগড় সড়কের কলবখানি আবাসিক এলাকার প্রবেশমুখে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে এই তোরণ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সেই অনুযায়ী টেন্ডার আহ্বানের পর কার্যাদেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে। গত শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ তোরণ নির্মাণের কাজ। আবহাওয়া অণুকুলে থাকলে আগামী একমাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

কলবখানি আবাসিক এলাকার বাসিন্দা কামরুল হাসান চৌধুরী শাহীন জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এ তোরণটি নির্মাণ হলে আমাদের এলাকার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে। যেহেতু এখানে সারাবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ মাজার জিয়ারতে আসে, তাই এলাকার সৌন্দর্যবর্ধনে এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।
 
চাষনী পীর (রহ.) মাজারের মোতোয়াল্লি আব্দুর রব জানান, সরকারি অর্থায়নে এই তোরণ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়া তোরণ নির্মাণের ফলে যাতে পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটে সেজন্য বিশেষভাবে নকশা প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, তোরণটির দৃষ্টিনন্দন নকশা আর সুদৃশ্য নির্মাণ শৈলীর কারণে এটি সবার কাছে আকর্ষণীয় হবে। তিনি এমন উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.